কক্সবাজারের সমুদ্র সৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকালে লাবনী পয়েন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়োশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান কিউটের কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা সার্ফিংকে সমান গুরুত্ব দিতে চাই। নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজনে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, বিভিন্ন ইভেন্টের অনেক খেলোয়াড়কে ইতোমধ্যে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। এই আয়োজন দেশে সার্ফিং খেলাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে সংশ্লিষ্টরা আশা করছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অন্যান্য খেলা
সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কক্সবাজারের সমুদ্র সৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকালে লাবনী পয়েন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
Printed Edition