অনিশ্চয়তা কাটিয়ে জাপান এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার স্থান নির্ধারণী পর্বের ম্যাচে স্নায়ুচাপের পেনাল্টি শুটআউটে হংকংকে ৩-২ ব্যবধানে হারিয়ে এই সুযোগ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ সমতায়। আগের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করায় সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এতে এশিয়ান গেমস হকিতে জায়গা করে নেয়া শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল। তবে স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য কোনও ভুল হয়নি। বিদায় নেয়ার শঙ্কা কাটিয়ে হংকংয়ের বিপক্ষে এই জয়ের মাধ্যমে ২০২৬ এশিয়ান গেমসে নিজেদের স্থান নিশ্চিত করেছে তারা। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশ প্রথম লিড নেয়। রকিবুল হাসান আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরের মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে দলকে বড় ব্যবধানে এগিয়ে থাকার স্বপ্ন দেখান। কিন্তু দুই গোলে পিছিয়ে থেকেও পরের মিনিটে হংকং চায়না ম্যাচে ফিরে আসে। পাক কো পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ করেন।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে হংকং সমতায় ফিরে। ৩২ মিনিটে ইশতিয়াক আহমেদ পেনাল্টি কর্নার থেকেই স্কোর লাইন ২-২ করেন। ৪২ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৩-২ এ এগিয়ে নেন। ৪৬ মিনিটে হংকং সমতায় ফিরে। কুলদ্বীপ সিং আক্রমণ থেকে ৩-৩ করেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু সেটা স্থায়ী হয়নি। একই মিনিটে হংকং গোল করে সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর শুরু হয় টাইব্রেকারের লড়াই। তবে সেখানে শেষ হাসি হাসে বাংলাদেশ। টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে। পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ।
উল্লেখ্য, ৯ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল জাপানে অনুষ্ঠিতব্য সেপ্টেম্বরের এই মাল্টি-স্পোর্ট ইভেন্টে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ কখনো এশিয়ান গেমস থেকে বাদ পড়েনি। লাল-সবুজের প্রতিনিধিরা পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্বের গত তিন আসরে হয় চ্যাম্পিয়ন নতুবা রানার্স-আপ হিসেবে শেষ করেছে। তবে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা, যারা ২০১৮ ও ২০২২ সালে ওমানের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল, তারা এবার সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। নিজেদের তৃতীয় ও শেষ পুল ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করার ফলে তাদের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এদিকে পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষে আজ শুক্রবার দল লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে চাইনিজ তাইপের।