এশিয়ান গেমস বাছাই হকিতে চাইনিজ তাইপের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের আসর। সেই গেমসে অংশগ্রহণের লক্ষ্যে থাইল্যান্ডে বাছাইপর্ব খেলছে বাংলাদেশ জাতীয় হকি দল। বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শুরু হওয়া এশিয়ান গেমস বাছাইয়ে চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের জার্সিধারীরা। এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। চি হুসান গোল করে চাইনিজ তাইপেকে লিড এনে দেন। তবে, প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে করা গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও এক গোলের দেখা পায় বাংলাদেশ।

যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এই কোয়ার্টারে আরও তিনটি পেনাল্টি কর্নার পেলেও আর গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। তবে চূড়ান্ত নাটকীয়তা দেখা গেছে চতুর্থ ও শেষ কোয়ার্টারে। শুরুতেই তিনটি পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে তাইপে। তবে চাপ সামনে নিয়ে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। কিন্তু ওই মিনিটেই চি হুসান গোল করে ব্যবধান কমান। ১৪ সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় চাইনিজ তাইপে। কিন্তু বাকি সময় অতি সতর্কতায় লিড রক্ষা করে বাংলাদেশ।

আজ শুক্রবার প্রিলিমিনারি রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে ফের মাঠে নামবে বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই বাছাই প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শিরোপার লক্ষ্য নিয়েই সফরে গেছে লাল সবুজের দল।