সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনের সর্বত্র। তরুণ ফুটবলারদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররাও। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানসহ জাতীয় দলের একাধিক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সাফজয়ী যুব দলকে। বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় কাটালেও তরুণ ফুটবলারদের এই সাফল্য থেকে দূরে থাকতে পারেননি তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামরা। পাকিস্তানে অবস্থান করেই তারা সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা জানান। তানজিম হাসান তামিম তার ফেসবুক পোস্টে লেখেন, দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে আবারও দেশকে গর্বিত করেছে বাংলাদেশ দল। অন্যদিকে রিশাদ হোসেন সংক্ষিপ্ত বার্তায় দলকে অভিনন্দন জানান, আর শরিফুল ইসলাম এই জয়কে বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংক্ষিপ্ত বার্তায় ‘অভিনন্দন’ জানিয়ে দলের সাফল্যে নিজের আনন্দ প্রকাশ করেন। উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ‘আলহামদুলিল্লাহ’ বলে তরুণদের এই অর্জনকে অভিনন্দন জানান। একইভাবে লিটন দাস দলকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেন। এছাড়া তাসকিন আহমেদও তার ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় বলেন, ভারতের বিপক্ষে রোমাঞ্চকর টাইব্রেকারে জয় পেয়ে শিরোপা জেতা নিঃসন্দেহে অসাধারণ পারফরম্যান্স। উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়পের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় যুবাদের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের দুই অর্ধে উভয় দলই গোলের দেখা না পেলেও ম্যাচটি জমে ওঠে টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইব্রেকারে ভারতের একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এই জয়ের মধ্য দিয়ে শুধু একটি শিরোপাই নয়, দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার আলো দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দেশের ক্রিকেট তারকাদের এমন সম্মিলিত প্রশংসা তরুণ ফুটবলারদের জন্য বাড়তি প্রেরণা হিসেবেই কাজ করবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।