ঐতিহ্যবাহি মোহামেডান স্পোর্টিং ক্লাব চলমান লিগে সমর্থকদের মন ভরাতে পারছেনা। শিরোপা রেসে থাকার কথা যে দলটির তারা কিনা রেলিগেশন কাটাতে লড়ছে। লিগে ১০ দলের মধ্যে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম পজিশনে রয়েছে মোহামেডান। রেলিগেশন পর্যায় থেকে থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়হীন ঐতিহ্যবাহী ক্লাবটি। ফেডারেশন কাপেও নাজুক অবস্থায় মোহামেডান। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের চারে। প্লে অফে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সাদাকালো শিবিরের। নব নির্বাচিত কমিটি দায়িত্ব নেয়ার পরও মাঠের পারফরমেন্সে পরিবর্তন আসেনি। সর্বশেষ কৌশলগত ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছেও হেরেছে সাদাকালো শিবির। তারপরই গুঞ্জন উঠে কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে।
গতকাল রোববার ক্লাব ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবটির পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে দলটির সংগঠক,সমর্থক সবাই অসন্তুষ্ট। তাই কোচ আলফাজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আপাতত সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া টিম লিডার হিসেবে আমিরুল ইসলাম বাবু এখন থেকে সার্বিক দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য গতবার আলফাজের অধীনেই প্রথমবার পেশাদার লিগ চ্যাম্পিয়ন হয় মোহামেডান। এবার নানান কারণে দলটির বেহাল অবস্থা। তাই ভাগ্য বদলাতে নতুন পথে হাঁটছে ঐতিহ্যবাহী সাদা কালো শিবির।