মৌসুম শেষ হওয়ার আগেই বায়ার্ন মিউনিখ গড়ে ফেলেছে নতুন ইতিহাস। আর শিরোপা জয়ের পথও এখন প্রায় নিশ্চিত। শনিবার রাতে সেন্ট পাউলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের বুন্দেসলিগা রেকর্ড ভেঙে দিয়েছে বায়ার্ন। দলের হয়ে ৫৩ মিনিটে গোল করে ইতিহাস গড়েন লিয়ন গোরেৎসকা। এটি ছিল চলতি মৌসুমে তাদের ১০২তম লিগ গোল। এর আগে ১৯৭১-৭২ মৌসুমে কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারদের দল করেছিল ১০১ গোল। সেই রেকর্ডে প্রথমে সমতা আনেন জামাল মুসিয়ালা। ম্যাচের ৯ মিনিটে তিনি হেডে গোল করেন। এরপর গোরেৎসকার ভলিতে ভাঙে বহুদিনের সেই রেকর্ড। এরপর থেমে থাকেনি বায়ার্ন। দ্রুতই গোলসংখ্যা বাড়িয়ে ১০৫-এ নিয়ে যায় দলটি। মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেরেইরোও নাম লেখান গোলের তালিকায়। এই জয়ে বোরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১২, হাতে এখনও বাকি ৫ ম্যাচ। ফলে আরেকটি লিগ শিরোপা এখন কেবল সময়ের অপেক্ষা। এই মৌসুমে বায়ার্নের গোলবন্যা ইউরোপজুড়েই আলোচনার বিষয়। ইতোমধ্যে তারা ছুঁয়ে ফেলেছে ১০৫ গোল। যা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ২০১৭-১৮ মৌসুমের ১০৬ গোলের রেকর্ড ভাঙার পথে। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের ২০১১-১২ মৌসুমের ১২১ গোলের রেকর্ডও এখন লক্ষ্যবস্তু। সবচেয়ে বড় ব্যাপার, বায়ার্ন এই কীর্তিগুলো গড়ছে মাত্র ৩৪ ম্যাচের লিগ কাঠামোয়।