বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে শেষ দুটি প্রীতি ম্যাচে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের মাঠে হতে যাওয়া এই লড়াইয়ের জন্য আলবিসেলেস্তেদের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তরুণ স্ট্রাইকার জোয়াকিন পানিচেল্লি। কিন্তু অনুশীলনে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন তিনি। যা আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে দিতে পারে পানিচেল্লিকে। সাম্প্রতিক সময়ে ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গের হয়ে লিগ ওয়ানে দারুণ ফর্মে ছিলেন পানিচেল্লি। ক্লাবের জার্সিতে ৩৯ ম্যাচে ২০ গোল এবং ৪ অ্যাসিস্ট করে কোচ লিওনেল স্কালোনির আস্থায় আর্জেন্টাইন দলে যোগ দেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলে ডাক পাওয়ার পর লিগের সবশেষ ম্যাচে নেমেও দুই গোল করেন পানিচেল্লি। কিন্তু সেই ফর্ম জাতীয় দলে টেনে আনার আগেই ছিটকে গেলেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’–এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে আর্জেন্টিনার অনুশীলনে ডান পায়ের ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার জোয়াকিন পানিচেল্লি। যা তার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দিতে পারে। মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে চোট পাওয়ার পর তাকে তুলে নেয়া হয়। তার অবস্থা কতটা গুরুতর তা জানতে অপেক্ষা করতে হবে। এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, জোয়াকিন পানিচেল্লি অনুশীলনে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার তার অবস্থা জানা যাবে। এদিকে, টিওয়াইসি’র তথ্যমতে– প্রথমে তার ইনজুরি সাধারণ কিছু মনে হয়েছিল। তার মানে তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা টিকে আছে। কিন্তু মধ্যরাতে জানা গেছে, দুই বছর আগে পড়া একই ইনজুরিতে ভুগছেন পানিচেল্লি। বিশ্বকাপের জন্য পানিচেল্লি ফিট বিবেচিত হবেন কি না তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। এর আগে গত বছরের নভেম্বরে আর্জেন্টিনা সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল অ্যাঙ্গোলার বিপক্ষে। সেই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় পানিচেল্লির। এরপর আসন্ন জাম্বিয়া ও মৌরিতানিয়া ম্যাচের জন্যও তাকে দলে যুক্ত করেন স্কালোনি। ভোর ৫টা ১৫ মিনিটে মৌরিতানিয়ার বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল।