বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বাড়িয়েছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে আরও বেশি দামের টিকিট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ৪৮টি দল এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি। এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল এবং ম্যাচ ছিল ৬৪টি।

বৃহৎ এই আয়োজন পরিচালনার জন্য এবার রেকর্ড ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা, যা আগের আসরের তুলনায় ৪১ জন বেশি। এতে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দায়িত্ব পালন করবেন। আগের আসরের মতো এবারও থাকছেন ছয়জন নারী অফিসিয়াল।

এদিকে টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ঘোষণায় একটি টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪,১০৫ মার্কিন ডলার, যা আগে ছিল ২,৭৩৫ ডলার।

ফাইনাল ম্যাচের টিকিটের দামও বাড়ানো হয়েছে। আগে সর্বোচ্চ মূল্য ছিল ৮,৬৮০ ডলার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০,৯৯০ ডলার। এছাড়া ফাইনালের ক্যাটাগরি-২ ও ক্যাটাগরি-৩ টিকিটের দামও বাড়ানো হয়েছে।

প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।