আর মাত্র একদিন পর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিতে হ্যানয়ে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঈদের দিনই (২১ মার্চ) দেশ ছেড়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে ব্যস্ত থাকায় সে সময় যোগ দিতে পারেননি হামজা। ক্লাবের হয়ে তার পরবর্তী ম্যাচ আগামী ৩ এপ্রিল প্রেস্টনের বিপক্ষে। তার আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি।
এর মধ্যে আগামী ২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বর্তমানে ‘সি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। সমান সংখ্যক ম্যাচ খেলে হংকংয়ের পয়েন্ট ৮, বাংলাদেশের ৫ এবং ভারতের ২। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল বাফুফে। যেখানে হামজার সঙ্গে রয়েছেন অন্য দুই প্রবাসী ফুটবলার শমিত সোম ও ফাহমেদুল ইসলাম। তারা আগেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।