পাতানো ম্যাচ ফুটবলের ক্যান্সার। আর এই রোগটি জেঁকে বসেছে চলমান বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে। এর সাথে যুক্ত হয়েছে খেলোয়াড়দের বয়স জালিয়াতি! গত শনিবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এই অপরাধে ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি ঢাকা রেঞ্জার্স-চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের ম্যাচে রেঞ্জার্সকে ০-৩ গোলে পরাজিত ঘোষণা করেছে।

চ্যাম্পিয়নশিপ লিগে ১৭-১৯ বছরের মধ্যে ৩ ফুটবলারের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই ৩ জনের মধ্যে একজনকে একাদশে খেলাতে হবে। চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে রেঞ্জার্স যে ফুটবলারকে খেলিয়েছিল, তার বয়স ১৭-১৯ বছরের বেশি। এজন্য ম্যাচ শেষে প্রতিপক্ষ ফেডারেশনের কাছে অভিযোগ করে। ফেডারেশন সেটা পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠায়। ডিসিপ্লিনারি কমিটি লিগের বাইলজ ও ডিসিপ্লিনারি কোড অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।

লিগের বাইলজে রয়েছে- যাদের জন্ম ৩১ মে ২০০৭ থেকে ১ ডিসেম্বর ২০০৯, এই বয়সসীমার একজনকে একাদশে খেলতে হবে। রেঞ্জার্স চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ৯ এপ্রিল ওই ফুটবলারকে এই বয়সসীমা দেখিয়ে খেলিয়েছিল। এজন্য সংশ্লিষ্ট ক্লাবকে শাস্তির মুখে পড়েতে হয়েছে।