নতুন করে আলোচনায় এসেছে রাফিনহার সম্ভাব্য দলবদল। সৌদি প্রো লিগ থেকে তার জন্য প্রায় ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আসতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। ফলে বার্সেলোনার সামনে আবারও এক কঠিন সমীকরণ। ক্রীড়াগত পরিকল্পনা ধরে রাখা, নাকি আর্থিক চাপ সামলাতে বড় অঙ্কের প্রস্তাবে সাড়া দেয়াÑদুটির মাঝেই দোলাচলে কাতালান ক্লাবটি। অঙ্কটা নিঃসন্দেহে লোভনীয়। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতায় থাকা বার্সেলোনার জন্য এটি বড় ধরনের স্বস্তি এনে দিতে পারে। তবে বাস্তবতা হচ্ছে, এই মুহূর্তে রাফিনহার নিজের অবস্থান একেবারেই পরিষ্কার তিনি বার্সেলোনাতেই থাকতে চান। ২০২৫ সালের মে মাসে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করে ২০২৮ সাল পর্যন্ত নিজেকে বেঁধে ফেলেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ফলে কেবল অর্থের প্রলোভন দিয়ে তাকে সরানো সহজ হবে না। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব বার্সেলোনার মনোভাব যাচাই করতে ৯০ মিলিয়ন ইউরোরও বেশি প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রস্তাবের সঙ্গে রাফিনহার জন্য ব্যক্তিগত চুক্তিও থাকবে, যেখানে তার বর্তমান বেতনের তুলনায় অনেক বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেয়া হতে পারে। তবু এখন পর্যন্ত খেলোয়াড়ের পক্ষ থেকে দল ছাড়ার কোনো ইঙ্গিত মেলেনি। মাঠের পারফরম্যান্স বিবেচনায় রাফিনহাকে ছাড়ার সিদ্ধান্ত নেয়া সহজ নয়। গত দুই মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে তিনি অন্যতম নির্ভরযোগ্য নাম। চলতি মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট তার প্রভাবই তুলে ধরে। উইং ছাড়াও আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্য তাকে আরও মূল্যবান করে তুলেছে। যদিও চোটের কারণে তাকে ২৩টি ম্যাচ মিস করতে হয়েছে, তবু ফিরে এসে আবার দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। এই প্রেক্ষাপটে বার্সেলোনার সিদ্ধান্ত গ্রহণ আরও জটিল হয়ে উঠেছে। একদিকে দলের কৌশলগত ভারসাম্য ধরে রাখতে রাফিনহার মতো খেলোয়াড় প্রয়োজন, অন্যদিকে দীর্ঘদিনের আর্থিক সংকট ক্লাবটিকে বড় অঙ্কের প্রস্তাব বিবেচনায় নিতে বাধ্য করছে। ক্লাবের ভেতরের অবস্থান হলো, কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না আসা পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। প্রস্তাব এলে তখনই সব দিক ক্রীড়া ও অর্থনীতি খতিয়ে দেখা হবে। দলের কোচ হ্যান্সি ফ্লিকও রাফিনহার গুরুত্ব নিয়ে একাধিকবার কথা বলেছেন। তার মতে, এই ব্রাজিলিয়ান শুধু মাঠেই নয়, অনুশীলন ও ড্রেসিংরুমেও সমানভাবে প্রভাব রাখেন। লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে ফ্লিক বলেছিলেন, রাফিনহা এমন একজন খেলোয়াড়, যে সব সময় শতভাগ দেয়ার চেষ্টা করে এবং তার ফিরে আসা দলের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বার্সেলোনার অবস্থান আপাতত অপেক্ষার। তারা এখন সৌদি প্রো লিগ থেকে আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবের দিকে তাকিয়ে আছে। রাফিনহা এই মুহূর্তে বিক্রির অগ্রাধিকার তালিকায় না থাকলেও, প্রায় ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলে সেটি বড় মুনাফার সুযোগ তৈরি করবে কারণ ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে তাকে কিনতে খরচ হয়েছিল ৫৮ মিলিয়ন ইউরো। গ্রীষ্মকালীন দলবদল যত এগিয়ে আসছে, বার্সেলোনার সামনে প্রশ্নটাও তত স্পষ্ট হয়ে উঠছে দলের পারফরম্যান্স ধরে রাখা, নাকি আর্থিক ভারসাম্য ফেরানো শেষ পর্যন্ত কোনটিকে বেশি গুরুত্ব দেবে কাতালান ক্লাবটি।