কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও বেশ কিছুদিন দারুণ ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। টানা পাঁচটি ম্যাচ জিতেছে। কোচ আলভারো আরবেলোয়া এই সময় ৪-৪-২ ফরমেশনে আক্রমণে ব্রাহিম দিয়াজকে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে খেলিয়েছেন। কিন্তু এমবাপ্পে ফেরায় তাতে পরিবর্তন আসছে এটা নিশ্চিত। আর সেটা সমস্যা কিনা এমন প্রশ্নে রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়া বলেছেন, ‘এমবাপ্পে এবং ব্রাহিমের খেলার ধরন আলাদা। তাই আমাদের খেলতেও কিছুটা ভিন্নভাবে মানিয়ে নিতে হয়। তবে এমন সমস্যা পেয়ে আমি খুশিই।’ মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। হাঁটুর চোট থেকে সেরে উঠে এমবাপ্পে শনিবার মায়োর্কার বিপক্ষে আবারও শুরুর একাদশে ফিরেছেন। তবে ওই ম্যাচে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরেছে মাদ্রিদ। তাতে লা লিগার শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তারা ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পে ফেরায় কোচ বলেছেন, ‘এ ধরনের বড় ম্যাচ ও গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্যই এমবাপ্পে মাদ্রিদে এসেছে। আমি নিশ্চিত, আমরা তার সেরা পারফরম্যান্সই দেখতে পাবো।’ চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপ্পে। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোতে মাদ্রিদের জয়ে তিনি খেলতে পেরেছিলেন মাত্র ২১ মিনিট। আরবেলোয়ার মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার দৃষ্টিভঙ্গি। দলে এমবাপ্পেকে ফিরে পাওয়াটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের।