আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এই দুটি প্রীতি ম্যাচকে আর্জেন্টিনার প্রস্তুতির শেষ গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
সূচি অনুযায়ী, ৬ জুন টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি।
এই আয়োজন ঘিরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের মতে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো দলের আগমন ক্যাম্পাস ও স্থানীয় সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি বাড়াবে।
বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচকে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ স্কালোনি। বিশ্বকাপের জন্য আগামী ৩০ মে দল ঘোষণার কথা রয়েছে আর্জেন্টিনার। ফলে এ ম্যাচগুলোতে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ফুটবলাররা সুযোগ পাবেন। তাছাড়া ম্যাচগুলোতে কৌশল ও সেরা একাদশ নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে।
পরিসংখ্যান বলছে, হন্ডুরাসের বিপক্ষে আগের তিনবারের দেখায় সবক’টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০২২ সালে তারা ৩-০ ব্যবধানে জয়ী হয়। অন্যদিকে আইসল্যান্ডের সঙ্গে একমাত্র বিশ্বকাপ সাক্ষাতে ২০১৮ সালে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা, যেখানে মেসির পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় আসেন আইসল্যান্ডের গোলরক্ষক।