থাইল্যান্ডে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ব্যংককের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আফঈদা-স্বপ্নারা। মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। নিজেদের প্রস্তুত করে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে চায় বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলারের নতুন শুরু, নতুন মিশন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় নারী দল নিয়ে এশিয়ান কাপের মূল মঞ্চে লড়াই করার পর এবার বয়সভিত্তিক দল নিয়ে থাইল্যান্ডে ইংলিশ কোচ। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ১০ দিন আগে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। লক্ষ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া।
রোববার (২২ মার্চ) ব্যাংককের বনিয়াচিন্দা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে নারী ফুটবল দল। তীব্র গরমে কিছুটা অস্বস্তি বোধ করলেও শিষ্যদের নিয়ে পুরোদমে অনুশীলন সেরেছে বাটলার। অস্ট্রেলিয়ায় খেলায় বেশ কয়েকজন নারী ফুটবলার রয়েছেন এই দলে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও দলের জন্য সেরাটা দিয়ে খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ঈদের দিন দেশ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে, যে কারণে পরিবারকে খুব মিস করছেন সুরমা। থাইল্যান্ডে পৌঁছে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে থাইল্যান্ডে এসে পৌঁছেছি। তবে ঈদের দিনেই আমাদের আসতে হয়েছে। পরিবারকে অনেক মিস করছি, বিশেষ করে আমার বাবাকে। তাদের সঙ্গে ঈদ করতে পারলাম না।’
সুরমা বলেন, ‘এখানে অনেক গরম। বাংলাদেশে আমরা সকালে অনুশীলন করি, তখন এতটা গরম থাকে না। এখানে গরম বেশি, তারপরও আমরা শতভাগ দিয়ে অনুশীলন করার চেষ্টা করছি। আবহাওয়া গরম হলেও পরিবেশটা অনেক সুন্দর।’ ২৫ ও ২৭ তারিখ জর্ডান ও ভারতের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচেই জয় চান আফেঈদারা। নিজেদের শতভাগ প্রস্তুত করতে চায় নারী ফুটবল দল। সেই সঙ্গে অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। এর আগেও উৎসবের সময়ে দেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে আফঈদার। তিনি বলেন, ‘এর আগেও একবার ঈদের রাতে আমরা সুব্রত কাপ খেলতে ভারতে গিয়েছিলাম। তখন অতটা খারাপ লাগেনি, তারপরও বাবা-মাকে অনেক মিস করছি।’ আগামী পহেলা এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের এশিয়ান কাপ মিশন।