২০২৬ সালে এসে ফুটবলে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। ফুটবলের দুই কিংবদন্তি লওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ এখন কার্যত অতীত। এবং প্রথমবারের মতো ব্যালন ডি’অর গোল্ডেন বলের লড়াই এতটা উন্মুক্ত, অনিশ্চিত ও বহুমাত্রিক হয়ে উঠেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

২০২৫ সালে প্যারিস সাঁ-জার্মাঁর হয়ে ঐতিহাসিক ইউরোপিয়ান শিরোপা জয়ে অনন্য ভূমিকা রেখে উসমান দেম্বেলে ব্যালন ডি’অর জিতেছিলেন। তার ধারাবাহিক পারফরম্যান্স এবং বড় ম্যাচে প্রভাবশালী উপস্থিতি তাকে শীর্ষে পৌঁছে দিয়েছিল। তবে নতুন মৌসুম শুরু হতেই পরিষ্কার হয়েছে যে ২০২৬ সালের রেসে তিনি আর এককভাবে ফেভারিট নন; বরং একাধিক তারকা একই সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। বিশ্লেষকদের মতে, এবারও ব্যালন ডি’অরের ভাগ্য নির্ধারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ এই বছরটি বিশ্বকাপের বছর। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টের পারফরম্যান্স অনেক খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। পাশাপাশি আফ্রিকা কাপ অব নেশনসও ভোটিংয়ে প্রভাব ফেলতে পারে, যা আফ্রিকান খেলোয়াড়দের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে।

এই কারণে ২০২৬ সালের ব্যালন ডি’অর রেসকে একটি দীর্ঘ ম্যারাথন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মৌসুমের মাঝামাঝি সময়ের র‌্যাঙ্কিং কখনোই চূড়ান্ত নয়, কারণ অতীতে দেখা গেছে শেষ অংশের পারফরম্যান্স পুরো চিত্র বদলে দিতে পারে। দেম্বেলে নিজেও গত মৌসুমে শেষ দিকের পারফরম্যান্সে এসে হঠাৎ করেই শীর্ষে উঠে এসেছিলেন, যা এই প্রতিযোগিতার অনিশ্চয়তাকে আরও স্পষ্ট করে। ইউরোপের শীর্ষ লিগগুলো শীতকালীন বিরতির কাছাকাছি পৌঁছানোর পর এখন স্পষ্ট হয়ে উঠছে কারা এই দৌড়ে এগিয়ে আছেন। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং হ্যারি কেইনের মতো তারকারা নিয়মিত গোল করে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব রেখে নিজেদের অবস্থান শক্ত করছেন। তাদের পারফরম্যান্স শুধু ব্যক্তিগত পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং ক্লাবের শিরোপা সম্ভাবনাকেও গভীরভাবে প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম গোলডটকম ক্লাব ও আন্তর্জাতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে ২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই তালিকায় মোট ২০ জন ফুটবলারের নাম এসেছে, যেখানে আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও জায়গা পেয়েছেন। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় নেই, যা ফুটবল দুনিয়ায় নতুন যুগের বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। মেসির উপস্থিতি থাকলেও রোনালদোর অনুপস্থিতি অনেকের কাছে একটি যুগান্তকারী পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এখন ব্যালন ডি’অর আর দুই ব্যক্তির আধিপত্যে সীমাবদ্ধ নেই; বরং এটি একটি বিস্তৃত প্রতিযোগিতায় রূপ নিয়েছে, যেখানে নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিয়মিতভাবে শীর্ষে উঠে আসছে। বর্তমান দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, যিনি বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে অসাধারণ ধারাবাহিকতা দেখাচ্ছেন। মৌসুমে তার গোল সংখ্যা ইতিমধ্যেই ৫৪, যা তাকে রেসের শীর্ষে রেখেছে। শুধু গোল করাই নয়, তিনি দলের আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা তাকে আরও আলাদা করে তুলেছে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সম্ভাব্য সাফল্যও তার অবস্থানকে আরও শক্ত করতে পারে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও ব্যালন ডি’অর দৌড়ে শক্ত অবস্থানে আছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তার গোল সংখ্যা ৪৫ এবং তিনি এখনও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে দলের সামগ্রিক পারফরম্যান্স স্থিতিশীল না হওয়ায় তার শিরোপা সম্ভাবনা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।