আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে তিন পৃষ্ঠার একটি আবেগঘন চিঠি লিখলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

নোটপ্যাড থেকে ছেঁড়া তিনটি পাতায় কালো কালিতে বড় অক্ষরে নিজের অনুভূতির কথা লিখেছেন মেসি। সাধারণত সপ্তাহের দিন ও তারিখ লেখার জন্য ব্যবহৃত এসব খালি পাতাই তার বিদায়ী বার্তার মাধ্যম হয়ে উঠেছে।

প্রথম পাতায় নিজের সিদ্ধান্তের ভার তুলে ধরে মেসি লিখেছেন, ‘আমি সবকিছু দিয়েছি এবং পূরণ করেছি। আমি নিজেকে উজাড় করে দিয়েছি, আমার আর তেমন কিছু দেওয়ার নেই।’

তার লেখায় ফুটে উঠেছে ক্লান্তি, সমাপ্তির অনুভূতি এবং আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা। একই সঙ্গে রয়েছে দীর্ঘ একটি অধ্যায় শেষ করার বিষাদও।

দ্বিতীয় পাতায় মেসি লিখেছেন, ‘এই ২০ বছরে সমস্ত ভালোবাসার জন্য ধন্যবাদ।’ আর্জেন্টিনার জার্সি গায়ে দীর্ঘ পথচলার স্মৃতিচারণের পাশাপাশি পরিবার, সহযোগী, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মেসি লিখেছেন, ‘একটি যাত্রার দিকে তাকাই, যা দুই দশক আগে শুরু হয়েছিল।’ একজন ফুটবলার জাতীয় দলের হয়ে যে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তার প্রায় সবই এই যাত্রায় পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তৃতীয় পাতায় ছিল বিদায়ের সবচেয়ে আবেগঘন বার্তা। চিঠির শেষ লাইনে মেসি লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে আর্জেন্টাইন করে পৃথিবীতে পাঠিয়েছেন।’

এই একটি বাক্যেই যেন আর্জেন্টিনার জার্সিতে তার দুই দশকের ভালোবাসা, গর্ব ও আবেগের গল্পটা শেষ করেছেন মেসি।