নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। আগামী জুনে ইংল্যান্ডে বসবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরে অংশ নেবে বাংলাদেশ নারী দলও। বাছাইপর্ব পেরিয়ে টাইগ্রেসরা ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও থাকবে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। ইতোমধ্যে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল থাকছে না। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে। এদিকে গেল মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। যেখানে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে- ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে, এর মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং বাকি তিন দল (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস) পড়েছে ‘বি’ গ্রুপে। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজের সূচি :
২৮ মে-স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে-স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে-বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন-স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন-স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন-নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি :
১৪ জুন-বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস-এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)
১৭ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া-হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)
২০ জুন-বাংলাদেশ বনাম পাকিস্তান-হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন-বাংলাদেশ বনাম ভারত-ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন-বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা-লর্ডস (বিকেল সাড়ে ৩টা)