টি-টোয়েন্টি ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে ছক্কাবাজদের চাহিদা তুঙ্গে। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টির বাজারে নতুন এক ছক্কা মেশিনের উদয় ঘটেছে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ছক্কা মারার হিসাবে তিনি ছাড়িয়ে গেছেন অভিষেক শর্মা, ডেভাল্ড ব্রেভিসদের মতো আলোচিত তারকাদেরও। টি-টোয়েন্টির এই নতুন ছক্কা মেশিনের নাম সাহিবজাদা ফারহান। ২০২৫ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের এই ওপেনার ছক্কা মেরেছেন ১৫০টি। মাত্র ৬৯ ইনিংসেই ১৫০ ছক্কা মেরে এ সময়ে সবার ওপরে ফারহান। দক্ষিণ আফ্রিকার ব্রেভিসের ছক্কা তার চেয়ে ৬টি কম। একই সময়ে ৫৯ ইনিংসে ১৪৪ ছক্কা আছে ব্রেভিসের। ২০২৫ সালের শুরু থেকে অভিষেক এ সংস্করণে ছক্কা মেরেছেন ১৩৬টি। অভিষেক খেলেছেন ৫৬ ইনিংস। চারে ও পাঁচে আছেন যথাক্রমে ফিন অ্যালেন ও নিকোলাস পুরান। অ্যালেনের ছক্কা ১৩৩টি, খেলেছেন ৫২ ইনিংস। পুরান ৭০ ইনিংসে ১৩০টি ছক্কা মেরেছেন। ছক্কায় ফারহানের ধারেকাছে থাকলেও সেঞ্চুরির হিসাবে এই সময়ে কেউ তার ধারেকাছে নেই। ২০২৫ সালের শুরু থেকে টি-টোয়েন্টিতে ৭টি সেঞ্চুরি করেছেন ফারহান। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি ভারতের ঈশান কিষানের, ৪টি। মোট রানেও ফারহানই শীর্ষে। ৪২.০৫ গড়ে ফারহানের রান ২৬৯০। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের টিম সাইফার্টের, ২১৯৭ রান। তবে স্ট্রাইক রেটে ফারহান ততটা দাপট দেখাতে পারেননি। ছক্কার তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ফারহানের (১৫২.৫৮) চেয়ে কম স্ট্রাইক রেট আছে শুধু নিকোলাস পুরানের, ১৪৬.৯। সর্বোচ্চ স্ট্রাইক রেট অভিষেক শর্মার ২০০.৮১। একই সময়ে সর্বোচ্চ চারও মারার কীর্তি ফারহানের, ২৪৩টি। সর্বোচ্চ চার-ছক্কা মারার পরও স্ট্রাইক রেটে ফারহান অন্যদের চেয়ে কেন পিছিয়ে, সেটার কারণ খুঁজতে হবে তাকে।