আগামী এক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। গত শনিবার বিসিবির চতুর্থ কার্যনির্বাহী সভা শেষে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় সাবেক টাইগার ক্রিকেটারকে। তবে রফিক ঠিক কোথায় কাজ করবেন, সেটা স্পষ্টভাবে সেদিন জানানো হয়নি। গতকাল সোমবার ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস সেই সংশয় দূর করলেন। নাফীস বলেন, 'রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। তার কোনো নির্দিষ্ট দল নেই। এই ব্যাপারটাতে সবার একটু ভুল ধারণা আছে যে তিনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।'
নাফীস আরও বলেন, 'তিনি মেন্টর হিসেবে বিভিন্ন স্কোয়াডের সঙ্গে কাজ করবেন। সেটা জাতীয় দল হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, বাংলাদেশ টাইগার্স হতে পারে।' ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও তেমন কোনো বড় সুযোগ পাননি রফিক। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।