আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে এই ক্রিকেটার ২০২৬-২৭ মৌসুমের জন্য চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পরেই সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও ভ্যান ডার ডুসেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার অঙ্গীকার করেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে করা পোস্টে অবসরবার্তায় ডুসেন লেখেন, 'গর্বভরা হৃদয় এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।
প্রোটিয়াস জার্সি গায়ে তোলা এমন এক অর্জন, যা অসাধারণ ধৈর্য ও নিবেদন দাবি করে- যা আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করে, আবার অসাধারণভাবে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।' লায়নস ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি নিজের এজেন্ট এবং স্ত্রী লারাকেও ধন্যবাদ জানিয়েছেন ডুসেন।