জাতীয় দলের ডাকে দেশে ফিরেছেন চার বাংলাদেশি ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে স্কোয়াডে থাকা মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন গতকাল রোববারভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর মধ্যে মুস্তাফিজ, রিশাদ ও পারভেজ ইমন পিএসএলে ম্যাচ খেললেও তানজিদ তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পারভেজ ইমন। অন্যদিকে, এখনও পিএসএলে ব্যস্ত থাকা নাহিদ রানা ও শরিফুল ইসলাম নিজ নিজ ম্যাচ শেষে সোমবার দেশে ফিরবেন। এদিকে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন। ঘোষিত স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আনা হয়নি; পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। ফলে নতুন কোনো মুখ না এলেও আগের দল থেকে কাউকেই বাদ দেয়া হয়নি, যা থেকে বোঝা যাচ্ছে স্থিতিশীল কম্বিনেশন ধরে রাখতেই জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ব্যাটিং লাইনআপে রয়েছেন অভিজ্ঞ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি তরুণদের মধ্যে আফিফ হোসেন ও সাইফ হাসান জায়গা ধরে রেখেছেন, যদিও আগের সিরিজে তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবুও নির্বাচকরা তাদের ওপর আস্থা রেখেছেন, যা দল গঠনে ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়। সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে এবং শুরুতেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৩ এপ্রিলের মধ্যেই শেষ হবে ওয়ানডে সিরিজ। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো বিকেল ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। একইভাবে টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টার বদলে বিকেল ৩টায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন সপ্তাহব্যাপী এই পূর্ণাঙ্গ সিরিজকে ঘিরে ব্যস্ত সময় পার করবে দু’দলই।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।