বাবর আজমই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সেরা তিন জুটির অন্যতম কারিগর। অথচ বাবর আজম টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নন, এমন অভিযোগ ছিল অনেক দিনের। এমনকি মাঝে দল থেকে বাদও পড়েছিলেন। বৃহস্পতিবার তো কুশল মেন্ডিসকে নিয়ে গড়েছেন টুর্নামেন্টের সবচেয়ে বড় জুটির রেকর্ডই। করাচি কিংসের বিপক্ষে আগে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন পেশোয়ার জালমির বাবর আজম আর কুশল মেন্ডিস। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর পেশোয়ারের এই দুই ব্যাটার যোগ করেন ১৯১ রান। যে কোনো উইকেটে পিএসএলের ইতিহাসে এটি সেরা জুটি। এর আগে সেরা জুটিটিতেও নাম ছিল বাবর আজমের। ২০২১ পিএসলে ওপেনিং জুটিতে শারজিল খানকে নিয়ে ১৭৬ রান তুলেছিলেন বাবর। পিএসএলের সেরা জুটির তিন নম্বর স্থানটিতেও আছেন বাবর। ২০২৩ পিএসএলে সাইম আইয়ুবকে নিয়ে ওপেনিংয়ে ১৬২ রানের জুটি গড়েছিলেন বাবর। এমনকি সেরা পাঁচে আরও একটি জুটিও বাবরের হাত ধরে আসা। ২০১৯ পিএসএলে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ওপেনিংয়ে ১৫৭ রান তুলেছিলেন ডানহাতি এই ব্যাটার। এমন সব রেকর্ড নিজের করে নেওয়ার পরও বাবরের টি-টোয়েন্টি দলে খেলা নিয়ে কতইনা সমালোচনা!