আইপিএলের মঞ্চে যেন এক নতুন মহাবিস্ময়ের উদয় হয়েছে! মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বের বাঘা বাঘা বোলারদের শাসন করছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহর পর এবার জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে রাজস্থান রয়্যালসকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।

তার বিধ্বংসী ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে গুয়াহাটির মাঠেই ধরাশায়ী করল রাজস্থান।

গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে গতকাল রাতে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ বলে ৭৮ রানের এক টর্নেডো ইনিংস খেলেন বৈভব। তার এই ইনিংসে ছিল হ্যাজলউড ও ভুবনেশ্বরকে মারা ব্যাক-টু-ব্যাক ছক্কা ও চারের প্রদর্শনী।

মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা চলতি আসরে তার দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর মাধ্যমে আইপিএলে যৌথভাবে ভারতীয় ব্যাটার হিসেবে তৃতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ডে নিজের নাম লেখালেন এই কিশোর।

যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও ধ্রুব জুরেলের সাথে ১০৮ রানের অনবদ্য জুটি গড়েন বৈভব। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৯৭ রান তোলে রাজস্থান, যা আইপিএল ইতিহাসে দলটির সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড।

জুরেলও কম যাননি, ৪৩ বলে ৮১ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রাজস্থান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান তুলেছিল কোহলি-পাতিদাররা। অধিনায়ক পাতিদার ৬৩ এবং বিরাট কোহলি ১৬ বলে ৩২ রান করলেও রাজস্থানের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে এই লক্ষ্য মামুলি মনে হয়েছে।

চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন বৈভব সূর্যবংশী (৪ ম্যাচে ২০০ রান)।

মজার বিষয় হলো, তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানটিও রাজস্থানের জয়সওয়াল ও জুরেলের দখলে। এমনকি বল হাতেও শীর্ষে রয়েছেন রাজস্থানের রবি বিষ্ণয় (৯ উইকেট)।

এই জয়ের ফলে টানা চার ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের এককভাবে শীর্ষে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে, তিন নম্বরে নেমে গেছে বেঙ্গালুরু।