ঈদের ছুটির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। বিসিবি সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। আমজাদ হোসেন পদত্যাগ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল। ২০২৫ সালের অক্টোবর থেকে এ দায়িত্ব পালন করছিলেন আমজাদ হোসেন। নতুন এই দায়িত্বের পাশাপাশি মোখছেদুল কামাল বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বেও রয়েছেন।

এদিকে বিসিবি সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও, গণমাধ্যমের সামনে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আমজাদ। তিনি বলেন, কারণটি পুরোই ব্যক্তিগত। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করতে পারে। বোর্ড হয়তো মনে করেছে, আমার সেবার আর প্রয়োজন নেই। এরপরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। তার ভাষ্য, আমাকে বলা হয়নি ঠিক কী কারণে সরানো হয়েছে। এটা বোর্ডের সিদ্ধান্ত আমি সেটার প্রতি সম্মান জানাই।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবির পাঠানো একটি চিঠি নিয়েও মন্তব্য করেন আমজাদ। তিনি জানান, গত ১০ দিন তিনি পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এবং ওমরাহ পালনে ব্যস্ত ছিলেন। আমি ওই সময় দেশে ছিলাম না, কোনো যোগাযোগও করিনি। তাই ওই চিঠি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না, বলেন তিনি। বিসিবির সাম্প্রতিক এই পরিবর্তন ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।