দায়িত্ব নিয়েই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানে সবার একই মতÑ এবার কোনো লিগেই অবনমন থাকছে না। বৈঠকে উপস্থিত থাকা এক ক্লাব প্রতিনিধি বলেন, ‘এই মৌসুমে অবনমন না রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। যারা ইতোমধ্যে অবনমিত হয়েছে বা হওয়ার কথা ছিল, তারাও এর প্রভাবের বাইরে থাকবে।’ এরআগে, ৪০টি ক্লাবের বয়কটের মুখে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটি। তাদের কমিটি ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় অ্যাডহক কমিটি। গত বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে তামিমের বৈঠকে মোহামেডানসহ কয়েকটি ক্লাব প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের বিষয়টি সমাধান না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের হুঁশিয়ারি দেয়। এতে লিগ মাঠে গড়ানো নিয়ে আবার শঙ্কা দেখা দেয়। তবে তামিম সেই বিরোধ মিটিয়েছেন। এদিকে, অবনমন না করানো নিয়ে সবাই একমত হলেও প্রমোশন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। একই সূত্র জানিয়েছে, ‘প্রমোশন নিয়েই মতভেদ রয়েছে। কিছু ক্লাব বলছে তারা খেলে প্রমোশন অর্জন করেছে, তাই সেটি বহাল রাখতে হবে। আবার অন্যরা বলছে দলসংখ্যা বাড়ানো যেতে পারে।’ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তামিম। জানা গেছে, তামিম প্রমোশন ইস্যুতে জড়িত চারটি ক্লাবের সঙ্গে আবার বসার কথা বলেছেন। তারা সবাই একমত হলে প্রমোশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা যেতে পারে। আর যদি না হয়, তাহলে দলসংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে।
ক্রিকেট
লিগে অবনমন বাতিলের সিদ্ধান্তে সম্মতি ক্লাবগুলোর
দায়িত্ব নিয়েই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি।
Printed Edition