পরকীয়ার করাল গ্রাস আমাদের সমাজ জীবনকে রীতিমত দুর্বিষহ ও অস্থির করে তুলেছে। ফলে প্রতিনিয়তই আশঙ্কাজনকভাবে বাড়ছে বিবাহ বিচ্ছেদ এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দাম্পত্য কলহ। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রবণতা বাড়ার পেছনে সামাজিক, প্রযুক্তিগত এবং মানসিক কিছু কারণ বিদ্যমান। আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারতের প্রেক্ষাপটে দেখা গেছে, নির্দিষ্ট কিছু ‘পরকীয়া’ বা এক্সট্রাম্যারিটাল ডেটিংঅ্যাপের সাবস্ক্রাইবার সংখ্যা হু হু করে বাড়ছে। এর মধ্যে নারী ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর নেতিবাচক প্রভাব থেকে আমরাও মুক্ত থাকতে পারছি না।
মূলত ধর্মীয় মূল্যবোধের অনুপস্থিতি ও মাত্রাতিরিক্ত অবক্ষয় পরকীয়া বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এছাড়াও ক্যারিয়ারের ব্যস্ততা ও প্রতিযোগিতামূলক জীবনের কারণে অনেক ক্ষেত্রে দম্পতিরা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। সামাজিক মাধ্যমে বিভিন্ন ডেটিংঅ্যাপে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করা এখন অনেক সহজ হয়ে গেছে। গোপনীয়তা বজায় রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হওয়ায় ‘পরকীয়া’ প্রবণতা দিন দিন বাড়ছে। দাম্পত্য জীবনে মানসিক বা শারীরিক অতৃপ্তি থাকলে মানুষ বাইরের সম্পর্কে জড়ানোর চেষ্টা করে থাকে। একঘেয়েমি কাটাতে কিংবা নতুনত্বের খোঁজে অনেকেই এ পথে পা বাড়ান। এর প্রভাব পড়ছে সরাসরি পরিবারগুলোতে। যা এখন ছড়িয়ে পড়েছে মহামারীর মত।
আমাদের দেশে লাগামহীন বিবাহ বিচ্ছেদের একটি প্রধান কারণ হিসেবে পরকীয়াকে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। এটি কেবল দম্পতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সন্তানদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে এবং পারিবারিক বন্ধন শিথিল করে দিচ্ছে। তাই সুস্থ পারিবারিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বিশ্বাস, সময় দেয়া এবং খোলাখুলি কথা বলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
দাম্পত্য জীবনের শুরুটা বেশ মধুরই হয়। কিন্তু বিয়ের বয়স বাড়ার সাথে সাথে একটা সময় স্বামী-স্ত্রীর সেই মধ্যকার রসায়ন আর থাকে না। দিনে দিনে বরং ফিকে হতে থাকে। তবে সবার ক্ষেত্রে এমনটি নয়। এমনটি হয়ে থাকে কিছু কিছু মানুষের। বিশেষ করে যারা সংসার বিবাগী হন, তাদের সবটা গিলে নেয় সাংসারিক জটিলতা। তাই সংসার বিবাগী হয়ে তারা জীবনে সার্থকতা খোঁজেন।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সামান্য কথা থেকেই অশান্তি তৈরি হয়। তখন প্রয়োজন হয় একটা বন্ধুর। এবার সমস্যা হচ্ছে, চেনা বন্ধুদের কাছে ব্যক্তিগত সমস্যা জানালে তা নিয়ে সমালোচিত হওয়ার একটা আশঙ্কা থাকে। এ ফাঁকফোকর থেকেই জীবনে ঢুকে পড়ে ডেটিংঅ্যাপ। আর তখনই জীবনে জায়গা করে নেয় নানারকম রোমান্স অ্যাপ। বিবাহিতরাও খোলা বাতাস পেতে ডেটিংঅ্যাপে বন্ধুত্ব তৈরি করে থাকেন, যা পরে মোড় নেয় প্রেমের। মনের জানালা খুলে দেয়া হয়। চলে হৃদয়ের আদান-প্রদান।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ডেটিংএ্যাপ ব্যবহারকারীর মধ্যে ৬৫ শতাংশই পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। পুরুষের সংখ্যা বেশি হলেও গত কয়েক বছরে হু হু করে বেড়েছে নারী সাবস্ক্রাইবারের সংখ্যা। গত দু’বছরে নারী সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে ১৪৮ শতাংশ, যা শুধু নারীর একাকীত্ব নয়; বরং স্বাধীনচেতা হওয়ার প্রমাণ।
আবার সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সম্পর্কের সমীকরণ। একবিংশ শতাব্দীতে ডিজিটাল যুগে জায়গা করে নিয়েছে ‘পরকীয়া’। দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে বন্ধুত্বের হাতছানিতে সাড়া দিয়ে বহু নারী-পুরুষ জড়িয়ে পড়ছেন ‘পরকীয়ায়’। এ ক্ষেত্রে সংখ্যার নিরিখে এগিয়ে নারীরাই। এমনটিই বলছে পরকীয়া অ্যাপ গ্লিডেন। ওই অ্যাপের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ৪০ মিলিয়ন পেরিয়েছে, যা অবাক করছে সবাইকে। এ অ্যাপের ১৮ শতাংশ নারী ব্যবহারকারী বেঙ্গালুরুর। তারপরই রয়েছে হায়দরাবাদ। দিল্লির প্রায় ১১ শতাংশ বাসিন্দা এ অ্যাপ ব্যবহার করে থাকেন। এ অ্যাপ ব্যবহারকারীর আচরণেও কিছু নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়েছে। সদস্যরা প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা চ্যাট করে থাকেন। তা দুপুরে ও রাত ১০টার পরে।
এক গবেষণার উপাত্ত থেকে জানা গেছে, বেশিরভাগ পুরুষই ২৫ থেকে ৩০ বছর বয়সি নারীকে খোঁজেন। অন্যদিকে নারীর আকর্ষণে রয়েছে ৩০ থেকে ৪০ বছর বয়সি পুরুষরা। শুধু তাই নয়, গল্প করার জন্যও এগিয়ে থাকা মানুষকেই পছন্দ করেন সবাই। পরকীয়াসংক্রান্ত আইনি পরিবর্তন এবং সমাজের একটি অংশের আধুনিক ও উদার দৃষ্টিভঙ্গিও পরোক্ষভাবে এ প্রবণতাকে প্রভাবিত করছে।
ডেটিংএ্যাপটি ভারতকেন্দ্রিক হলেও নিকট প্রতিবেশী হিসাবে আমাদের দেশেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যার ছিদ্রপথে আমাদের সমাজ ও পারিবারিক জীবনে মহামারির মত অনুপ্রবেশ করছে পরকীয়া। মূলত, মূল্যবোধের বিচ্যুতি ও ধর্মীয় আদর্শের অনুপস্থিতির কারণেই পরকীয়া এখন আমাদের সমাজে মহামারির মত জাল বিস্তার করেছে।
এমতাবস্থায় পরকীয়ার ছোবল থেকে আমাদের সমাজ ও পরিবার রক্ষা করতে হলে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে ধর্মীয় আদর্শের বলয়ে। অন্যথায় আগামী দিনে তা আরো ভয়াবহ রূপ নিতে পারে।