লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ এপ্রিল শনিবার বিকেল ৩ টা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (বাগবাড়ি) সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি থাকবেন সত্তর দশকের বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক ও লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা প্রমুখ।
রাজধানী সহ বিভিন্ন জেলার কবি লেখকবৃন্দ আমন্ত্রিত হয়ে আসছেন। এবার কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্য, অনুবাদ, আবৃত্তি ও সংগীতে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সম্মাননা প্রদান করা হবে। তাছাড়া বাংলা আওয়াজ লেখক সম্মাননা এবং জেলার বর্ষসেরা কবি সম্মাননা, কবি মুস্তাফিজুর রহমান কবি সম্মাননা প্রদান করা হবে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্যে সাহিত্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক স্বরচিত কবিতা পাঠ, গদ্য রচনা (গল্প ও প্রবন্ধ) এবং আবৃত্তি প্রতিযোগিতা, মিনি বইমেলা সহ ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ উপলক্ষে সাহিত্য সংসদ এর মুখপত্র মাসিক বাংলা আওয়াজ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এতে জেলার সকল কবি লেখকদের ছবিসহ পরিচিতি স্থান পাবে।
সাহিত্য সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি কমিটির সভা গত মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নজরুল ইসলাম এভিনিউর ডক্টরস ল্যাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ এর সভাপতি ডা মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাহিত্য সংসদ এর অন্যতম উপদেষ্টা প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন।
সম্মেলন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি মাহবুবুল বাসার ও মোশাররফ হোসেন চৌধুরী, আজীবনসদস্য সহকারী অধ্যাপক মাহবুবুর রশীদ চৌধুরী, কবি মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান ও আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ, আজীবন সদস্য লিয়াকত আলী মাস্টার, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক এম ফারবেজ, মান্দারী বিকেবি ক্লাব সভাপতি ইসমাইল খান সুজন প্রমুখ ।