ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানিদের উদ্দেশে একটি ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে। এই সতর্কবার্তায় ইরানিদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে, রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ‘ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’

এই সতর্কবার্তাটি আইডিএফ নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে।

ইসরায়েলের এই সতর্কবার্তাটি এমন সময় এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে সময় দিয়েছেন।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান তা না মানলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো (যেমন—সেতু ও বিদ্যুৎকেন্দ্র) ধ্বংস করে দেবেন।

বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

তথ্য সূত্র: সিএনএন ও বিবিসি