যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে হাতে কয়েকটি উনো কার্ড নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরে সোমবার (৪ মে) হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও ছবিটি শেয়ার করা হয়।

ছবিটিতে কোনো ক্যাপশন ছিল না। তবে পোস্টের নিচে লেখা ছিল, “সব কার্ড আমার হাতে।”

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত কোনো ব্যাখ্যা ছাড়াই প্রকাশিত এই ছবিকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে এটি তেহরানের উদ্দেশে ট্রাম্পের একটি কৌশলী বার্তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, “সব কার্ড আমার হাতে” মন্তব্যের মাধ্যমে ট্রাম্প বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রভাবের ইঙ্গিত দিতে চেয়েছেন।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সোমবার থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে।

গতকাল রোববার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কার্যক্রমে কোনো ধরনের বাধা দেওয়া হলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা অনেক জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এতে জাহাজে থাকা নাবিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, কয়েক মাস ধরে চলমান সংঘাতের মধ্যে এই উদ্যোগ সদিচ্ছার নিদর্শন হিসেবে কাজ করতে পারে। তবে এতে কোনো হস্তক্ষেপ করা হলে তা শক্ত হাতে দমন করা হবে।