কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক ও গুঞ্জনের মুখে অবশেষে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দণ্ডিত এই যৌন অপরাধীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না এবং এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারেই ছিলেন।
টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়া তার বক্তব্যে বিরল কঠোরতা প্রদর্শন করে বলেন, তার নাম জড়িয়ে যে মিথ্যাচার চালানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যারা এসব রটাচ্ছে, তাদের ‘নৈতিকতার অভাব’ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মেলানিয়া জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়েছিল এপস্টেইনের সাথে প্রথম দেখার অন্তত দুই বছর আগে। সুতরাং, এপস্টেইন তাদের পরিচয় করিয়ে দিয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিকে তিনি ‘ম্যানিপুলেটেড’ বা ‘ভুয়া’ বলে দাবি করেন।
তিনি জোর দিয়ে বলেন, তিনি কখনো এপস্টেইনের ব্যক্তিগত বিমানে (লোলিটা এক্সপ্রেস) চড়েননি কিংবা তার কুখ্যাত ব্যক্তিগত দ্বীপেও যাননি।
উল্লেখ্য, ২০১৯ সালে কারাবন্দী অবস্থায় জেফ্রি এপস্টেইনের রহস্যজনক মৃত্যুর পরও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা থামেনি। যদিও কিছু নথিতে মার-এ-লাগো রিসোর্টে এপস্টেইন ও ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে ট্রাম্প দম্পতিকে দেখা যাওয়ার দাবি করা হয়েছে, তবে মেলানিয়া একে নিছক সামাজিক সৌজন্যের বাইরে অন্য কিছু হিসেবে মানতে নারাজ।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড