লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির রেশ ধরে এবং এর সঙ্গে মিল রেখে বর্তমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচলের পথ পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করা হলো।
যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা থাকে।
ইরান সাধারণত এই জলপথটিকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি 'কৌশলগত হাতিয়ার' হিসেবে ব্যবহার করে। তবে বর্তমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এটি উন্মুক্ত রাখার ঘোষণা স্থিতিশীলতার দিকে একটি ইতিবাচক সংকেত।
এই ঘোষণার ফলে বিশ্ব জ্বালানি বাজারে সাময়িক স্বস্তি ফিরতে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার পথ সুগম হবে।
বিশেষজ্ঞদের মতে, ইরান এই সিদ্ধান্তের মাধ্যমে কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত রাখতে চাইছে। যুদ্ধবিরতির মেয়াদের সাথে প্রণালি উন্মুক্ত রাখার বিষয়টি সরাসরি যুক্ত করে তারা আন্তর্জাতিক মহলে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিল।