প্রেসিডেন্টের পদ ছাড়ার পর তার নামে কেউ কোনো স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না বলেই এখন বিভিন্ন স্থাপনা ও প্রকল্পে নিজের নাম যুক্ত করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি সাংবাদিক বেন টেরিসের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি দায়িত্ব ছাড়ার পর অন্য কেউ তা করবেন না।

জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি সত্য। তিনি চলে যাওয়ার পর কেউ তার নামে কিছু করবে না।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকটি বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে কয়েকটিতে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের পূর্ব পাশের উইং ভেঙে সেখানে একটি বড় বলরুম নির্মাণ করছেন ট্রাম্প। এই প্রকল্পে তার নাম থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাম থাকা উচিত। তবে শেষ পর্যন্ত তা করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান।

এ ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে পরিবর্তন এবং নতুন নির্মাণ প্রকল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো জাতীয় নিরাপত্তা এবং প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পটির বৈধতা ও বিপুল ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে।

স্থাপনা নির্মাণের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচির নামেও ট্রাম্পের নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’, ‘ট্রাম্পআরএক্স’ ও ‘ট্রাম্প গোল্ড কার্ড’।

সম্প্রতি নিজের মৃত্যুর বিষয়েও প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে ট্রাম্পকে। এর আগে তিনি বলেছিলেন, সম্ভব হলে তিনি স্বর্গে যেতে চান। এসব বক্তব্যকে তার রাজনৈতিক উত্তরাধিকার এবং জীবনের শেষ অধ্যায় নিয়ে ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।