এক্সে, রয়টার্স : ভ্রমণের আনন্দ শুধু দর্শনীয় জায়গা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না; স্থানীয় মানুষের আচার, ব্যবহার ও আতিথেয়তা আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমূল বদলে দিতে পারে। সম্প্রতি ‘রেমিটলি’ বিশ্বের ‘ভদ্র’ বা মার্জিত দেশের একটি তালিকা প্রকাশ করেছে। ২৬টি দেশের ৪ হাজার ৬০০ মানুষের ওপর পরিচালিত এই জরিপে উঠে এসেছে সেসব দেশের নাম, যেগুলোতে স্থানীয়রা পর্যটকদের সবচেয়ে বেশি সম্মান ও বিনয়ের সঙ্গে বরণ করে নেয়। জরিপে দেখা গেছে, কিছু নির্দিষ্ট দেশের মানুষের আচার, আচরণ পর্যটকদের মনে গভীর দাগ কেটেছে।
জরিপ অনুযায়ী, যুক্তরাজ্য ও কানাডার মানুষের মধ্যে একটি অদ্ভুত মিল পাওয়া গেছে। উভয় দেশের মানুষ তুচ্ছ বিষয়েও বারবার ক্ষমা চাওয়ার কিংবা ‘সরি’ বলার জন্য বিখ্যাত। বিনয় কিংবা শিষ্টাচার একেক সংস্কৃতিতে একেক রকম হতে পারে। যেমন জাপানে মাথা নত করে সম্মান জানানো হয়, কানাডায় বারবার ক্ষমা চাওয়া হয় কোনো ভুলের জন্য, আবার জার্মানিতে সময়ানুবর্তিতা বা শান্ত পরিবেশ বজায় রেখে সম্মান জানানো হয় অতিথিদের। তবে সার্বিকভাবে মানুষ নিজেদের বেশ বিনয়ী বলেই ধারণা করে।