ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্র নতুন একটি খসড়া পাঠিয়েছে। এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করার পর জাসক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া হরমুজ প্রণালীতে আমিরাতের তেলের ট্যাংকারে হামলা হয়েছে। আল-জাজিরা, পার্সটুডে, অ্যাক্সিওস, ফার্স নিউজ, বিবিসি, আনাদুলো এজেন্সি।

ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে

অ্যাক্সিওস ওয়েবসাইট বিভিন্ন সূত্রের বরাতে দাবি করেছে, ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন একটি খসড়া পাঠিয়েছে।।

অ্যাক্সিওস তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র রোববার যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির জন্য সংশোধিত আরেকটি খসড়া পাঠিয়েছে। এই পদক্ষেপটি এর আগে ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে নেওয়া হয়েছে।প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়ার বিষয়বস্তু বা এতে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছেন, ইরান সম্প্রতি আমাদের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে, তা আমি পর্যালোচনা করব। রয়টার্স ট্রাম্পের বরাতে লিখেছে, আমি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির সামগ্রিক কাঠামো ও ধারণা সম্পর্কে অবগত হয়েছি এবং শিগগিরই এর সুনির্দিষ্ট ও চূড়ান্ত সংস্করণটি আমার কাছে পৌঁছাবে।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব দিয়েছে, যা “যুদ্ধের সমাপ্তি” বিষয়ক।

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইরানি গণমাধ্যম

ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ‘প্রোজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করবে। এর আওতায় হরমুজ প্রণালি থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা দেওয়া হবে।

ট্রাম্পের ওই ঘোষণার পর এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এল।

এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশ করতে বাধা দিয়েছে।

হরমুজ প্রণালিতে কী ঘটেছে

* ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করায় জাস্ক দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

* এই খবর আসার কয়েক মিনিট আগেই আইআরজিসি বিবৃতি দিয়ে জানিয়েছিল, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশ করতে বাধা দিয়েছে ইরানে।

* এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে অভিযান শুরু হচ্ছে। যে দেশগুলো জাহাজগুলো প্রণালিতে আটকে রয়েছে, তাদের অনুরোধে এই অভিযান। আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বেরিয়ে আসতে সহায়তা দেওয়া হবে এই অভিযানে।

* প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর ইরান বারবার সতর্কতা জানিয়ে আসছিল, যে এই অভিযান সংঘর্ষের দিকে নিয়ে যাবে।

হরমুজ প্রণালিতে নিজের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ ইরানের

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই মানচিত্র প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের নিয়ন্ত্রিত এলাকা হলো দেশটির মাউন্ট মুবারক এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরার দক্ষিণের মধ্যে আঁকা রেখা এবং ইরানে কেশম দ্বীপের শেষ প্রান্ত এবং সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইনের মধ্যে আঁকা রেখার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই মানচিত্র নিয়ে প্রতিক্রিয়া জানায়নি।

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা হয়েছে, স্বীকার করল আমিরাত

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেলের ট্যাংকারে হামলা হয়েছে। তবে এই হামলায় কেউ আহত হয়নি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব নিশ্চিত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বন্ধ না করার কথা উল্লেখ করা হয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জলদস্যুতার কাজ। এটি এই অঞ্চল, জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সরাসরি জন্য হুমকি।

ইরানকে এমন হামলা বন্ধ করতে এবং দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালির নিঃশর্তভাবে সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে আঘাত হানা হয়নি।