রয়টার্স, মিডলইস্ট আই

যুদ্ধে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার দিকে অধিক মনোযোগ দেওয়া হবে। তবে ‘এর অর্থ এটা নয় যে, যুদ্ধ শেষ হয়ে গেছে’।