আল-জাজিরা, এএফপি : ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল রোববার বলা হয়, ইসরাইলি শত্রুরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। ইসরাইল লেবাননের বেন্ত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে দুটি চিকিৎসাকেন্দ্রে দুই দফায় সরাসরি হামলা চালিয়েছে।
অথচ গত ১৬ এপ্রিল থেকে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে।
গত ২ মার্চ ইসরাইলি বাহিনী লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে। তার পর থেকে ইসরাইলের হামলায় লেবাননে ২ হাজার ৮৪৬ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতিসংঘ বলেছে, নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১৩০টির বেশি ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত ও ২৩০ জন আহত হয়েছেন।