সরকার গঠনে অনিশ্চয়তা কাটলো
পিটিআই, এনডিটিভি, দ্য হিন্দু : তামিলনাড়ুর রাজনীতিতে ঘনীভূত হওয়া অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ে জয়ী হয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার নিশ্চিত করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণী এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো। বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজয়ের জোটে আগে থেকেই ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল (যার মধ্যে ৫ জন কংগ্রেস ও ৪ জন বামপন্থী দলের)। ভিসিকে-র ২ জন বিধায়ক যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ১১৮-তে পৌঁছেছে, যা তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নূন্যতম আসন।
এর আগে রাজভবনে একাধিকবার গেলেও রাজ্যপাল আর ভি আরলেকর পর্যাপ্ত সমর্থনের চিঠি ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে বিজয় তামিলনাড়ুর দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্য চুরমার করে দিয়েছেন। এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে তার দলের বিধায়ক সংখ্যা ১০৭।
নির্বাচনী ফলাফলে ডিএমকে ৫৯ এবং এআইএডিএমকে ৪৭টি আসনে নেমে এসেছে। এছাড়া কংগ্রেস ৫টি, পিএমকে ৪টি এবং বাম দলগুলো (সিপিআই ও সিপিএম), ভিসিকে ও আইইউএমএল ২টি করে আসন পেয়েছে। বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে ১টি করে আসন। এই অভাবনীয় সাফল্যের পর এখন কেবল বিজয়ের শপথ নেওয়ার অপেক্ষা।
বিজয়কে সমর্থন না দেওয়া মুসলিম লিগ সম্পর্কে যা জানা গেলো কোলাজ : তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে থাকা অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)-কে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন দিয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছে দলটি। আইইউএমএল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা দৃঢ়ভাবে ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকছে। আইইউএমএল-এর সর্বভারতীয় সভাপতি কাদের মহিদিন বলেন, তার দল কয়েক দশক ধরে ডিএমকে জোটের সঙ্গে রয়েছে এবং এই জোট ছাড়ার কোনও প্রশ্নই আসে না। তিনি আরও জানান, বিজয় সমর্থনের জন্য তাদের কাছে চিঠি পাঠালেও দলের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মহিদিন বলেন, যদি বিজয়ের সমর্থনের প্রয়োজন হয়, তবে তার উচিত ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ করা। কারণ স্ট্যালিনও দ্রুত নতুন সরকার গঠনের পদক্ষেপ নিতে রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন। আইইউএমএল-এর একজন বিধায়ক বিজয়কে সমর্থন দিয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তাকে ‘ভিত্তহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মহিদিন। তিনি জানান, দলের বিধায়করা বর্তমানে চেন্নাইতেই অবস্থান করছেন।
দলের অবস্থান পুনর্ব্যক্ত করে কাদের মহিদিন বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, আমরা ডিএমকে জোটের অংশ। তবে আমরা এটিও চাই যে, বর্তমান পরিস্থিতির কারণে যেন রাজ্যে রাজ্যপালের শাসন জারি না হয়। উল্লেখ্য বর্তমানে তামিলনাড়ু বিধানসভায় ভানিয়াম্বাড়ি ও পাপানাসাম নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত আইইউএমএল-এর দুইজন বিধায়ক রয়েছেন।