এপি : দীর্ঘ ছয় সপ্তাহের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক নজিরবিহীন চিত্র দেখা গেছে। সংঘাত নিরসনে দুই দেশের প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ আলোচনার আগে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে নিরাপত্তা বাহিনী। শান্তি আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়ায় চিরচেনা ব্যস্ত রাজধানী এখন জনশূন্য। পাকিস্তান কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানানোর পর পুরো শহরটি প্রায় কারফিউর মতো রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি আলোচক দলটি শুক্রবার গভীর রাতেই ইসলামাবাদে এসে পৌঁছেছেন। এদিকে, এই শান্তি প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, চলমান সংঘাত এখন একটি ‘কঠিন পর্যায়ে’ প্রবেশ করছে। সাময়িক যুদ্ধবিরতি থেকে একটি স্থায়ী চুক্তির দিকে যাওয়ার এই চেষ্টাকে তিনি ‘মেক-অর-ব্রেক’ বা চূড়ান্ত সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।