আল-জাজিরা : মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলাপকালে পুতিন জানান, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিশর—উভয় দেশের জন্যই একটি অভিন্ন উদ্বেগের বিষয়। এই অস্থিরতা নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে এবং মধ্যস্থতা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বৈঠক চলাকালে পুতিন আশা প্রকাশ করেন যে, দীর্ঘায়িত এই সংঘাতের দ্রুত একটি সমাধান হবে। এই প্রসঙ্গে তিনি গত বৃহস্পতিবার দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেন।

ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি বচজায় রাখতে সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে কাজ করতে চায়। মূলত বৈশ্বিক ভূ-রাজনীতিতে রাশিয়ার প্রভাব বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই পুতিন এই সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।