বিবিসি বাংলা, বিবিসি : জানুয়ারি মাসটাকে এখন বহুকাল আগের বলে মনে হচ্ছে। মাস চারেক আগেও ইরানে বড় বিক্ষোভ দেখা দিয়েছিল। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হয়ে ধীরে ধীরে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামগ্রিক ক্ষোভে পরিণত হয়। কিন্তু এই বিক্ষোভের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা এখনো অনেকের মাথায় ঘুরছে। একজন ইরানি জানান, তিনি তেহরানের একটি শান্ত গলিতে দেখেছেন ঝাড়ুদারের ছদ্মবেশে এক ব্যক্তি হঠাৎ রিভলভার বের করে দুটি মেয়েকে গুলি করে। কাস্পিয়ান সাগরের কাছে একটি উত্তরের শহরে নিজের বাড়ির ছাদ থেকে এই দৃশ্য দেখেছেন বলে সূত্রটি মিডল ইস্ট আইকে জানিয়েছে।
তেহরান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কাজভিনেও একই ধরনের ঘটনার কথা জানিয়েছেন আইআরজিসির ভেতরের একটি সূত্র। সেখানে কোনো বিক্ষোভ ছাড়াই একটি রাস্তায় একজন মা ও তার ছোট ছেলেকে হত্যা করা হয়, এমন অস্ত্র দিয়ে যা ইরানের নিরাপত্তা বাহিনীর নয়। ৮ জানুয়ারি পূর্ব তেহরানের একটি বিক্ষোভে যোগ দেওয়া একজন জানান, মুখোশ পরা একদল মানুষ একসাথে চলছিল, স্লোগান দিচ্ছিল এবং মিছিলে নেতৃত্ব দিচ্ছিল। ইউরোপের 'ব্ল্যাক ব্লক' কৌশলের মতো তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলেই হঠাৎ উধাও হয়ে যেত। এই কৌশল ইরানে সম্পূর্ণ অপরিচিত। ইরানের সরকারি হিসাবে বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে মার্কিন মানবাধিকার সংস্থা হ্রানার হিসাব বলছে সংখ্যাটি কমপক্ষে সাত হাজার। ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক্সে লিখেছিলেন, ‘ইরানের রাস্তায় থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও নববর্ষের শুভেচ্ছা।’ ইসরাইলের এক মন্ত্রী সরাসরি বলেছেন, ‘আমাদের লোকেরা এখন সেখানে কাজ করছে।’
ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এখন কী হবে?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই ভেঙে গেছে। দুই পক্ষই আলোচনায় বসেছিল নিজেদের অবস্থানকে শক্তিশালী দাবি করে, ফলে স্বল্প সময়ে সমাধানে পৌঁছানো শুরু থেকেই কঠিন ছিল বলে বিশ্লেষকদের মত। আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় দেশই একে অপরকে দায়ী করছে। এতে করে সাম্প্রতিক যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তা শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ও ‘ধ্বংসাত্মক’ হুমকির প্রেক্ষাপটে। তিনি ইরানি সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছিলেন বলে জানা যায়। এমন উত্তেজনাপূর্ণ পরিবেশেই আলোচনার সূচনা হয়েছিল। এখন বড় প্রশ্ন এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী? যুদ্ধবিরতি কি টিকবে, নাকি নতুন করে সংঘাত শুরু হবে? জো ইনউড জানান, নতুন করে হামলা শুরুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও সম্ভাবনা স্পষ্টভাবেই বেড়েছে। বিশেষ করে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সেই আশঙ্কাকে আরও জোরালো করছে। এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি, যা ইরান আংশিকভাবে বন্ধ করে দিয়েছিল, সেটি পুনরায় চালুর বিষয়টি এখন আর আলোচনার অগ্রাধিকার তালিকায় নেই। এতে করে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তারা কোনো মারণাস্ত্র তৈরির পথে হাঁটছে না। তবে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা ইরানের ভেতরে পারমাণবিক সক্ষমতা অর্জনের পক্ষে জনমতকে আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই সরাসরি আলোচনা ছিল একটি ঐতিহাসিক উদ্যোগ। তবে ফলহীন এই বৈঠক শেষ পর্যন্ত কূটনৈতিক ব্যর্থতার উদাহরণ হিসেবেই স্মরণীয় হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।