বিবিসি, রয়টার্স : যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলী বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার দেশটির বিভিন্ন জায়গায় ইসরাইলের একাধিক জোরালো হামলায় শিশুসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সাকসাকিয়েহ শহরে ইসরাইলী হামলায় গত সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুও রয়েছে।
হামলার কথা স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তবে বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে। তবে ‘জড়িত নন, এমন বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাপ্ত প্রতিবেদন’ নিয়ে তারা অবগত আছে।
ইসরাইল সরকার ও হিজবুল্লাহর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলে নিয়েছে।
মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ বিমান হামলা চালাচ্ছে ইসরাইলের বাহিনী। দেশটির বরাবরের দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ও স্থাপনায় হামলা চালানো হচ্ছে।
গতকাল লেবাননের রাষ্ট্রনিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, সাকসাকিয়েহ শহরসহ দক্ষিণাঞ্চলজুড়ে জোরালো হামলা চালিয়েছে ইসরাইলীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, হামলায় ওই শহরেই একটি মেয়েশিশুসহ ৭ জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৩টি শিশু রয়েছে।
আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) জানিয়েছে, তারা ওই এলাকায় সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতর থেকে কার্যক্রম চালানো হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঘটনাটির (হামলা) বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে, জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।
লেবাননের নাবাতিয়েহ এলাকার সড়কে একটি মোটরসাইকেলের ওপর ইসরাইলি বাহিনীর হামলার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, এ হামলায় একজন সিরীয় নাগরিক ও তাঁর ১২ বছরের মেয়ে আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত সপ্তাহে লেবাননজুড়ে ইসরাইলের একের পর এক হামলায় নারী, শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মন্ত্রণালয় নিহত যোদ্ধা (হিজবুল্লাহ) ও বেসামরিক মানুষের সংখ্যা আলাদা করে জানায়নি।
এদিকে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।