এএফপি, বিবিসি
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ অভিযানের চার নভোচারী এক নাটকীয় চন্দ্রাভিযানের পর পৃথিবীর পথে রয়েছেন। মহাশূন্যে এই ভ্রমণ তাদের পৃথিবীর অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করিয়েছে। ইতোমধ্যে অস্তগামী পৃথিবী ও সূর্যগ্রহণের ছবি প্রকাশ করেছে নাসা। ছবিগুলো চাঁদের অপর পাশ দিয়ে উড়ে যাওয়ার প্রথম দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
বিস্ময়কর এই যাত্রায় এমন কিছু দৃশ্য অবলোকন করেছেন নভোচারীরা, যা প্রথমবার কোনো মানুষ প্রত্যক্ষ করেছে। চার নভোচারী হলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কক ও জেরেমি হ্যানসেন।
নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান আর্টেমিস-২ মহাকাশচারীদের জিজ্ঞাসা করেন, তাদের ইতিহাস সৃষ্টিকারী ও রেকর্ড গড়া চন্দ্রাভিযানের সময় কোন বিষয়টি তাদের অবাক করেছে। জবাবে জেরেমি হ্যানসেন বলেন, ‘যখন আমরা চাঁদের দূরবর্তী অংশ থেকে পৃথিবীর দিকে তাকাচ্ছিলাম, তখন সত্যিই মনে হচ্ছিল, আমরা কোনো ক্যাপসুলে নেই। আর এই অভিজ্ঞতাটা সত্যিই আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। এটি ছিল এক অসাধারণ মানবিক অভিজ্ঞতা। আমরা এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’
চাঁদের আড়ালে যাওয়ার সময় প্রত্যাশিতভাবেই নভোচারী দলটি ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যোগাযোগ পুনঃস্থাপিত হওয়ার পর নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, ‘আবার পৃথিবীর ডাক শুনতে পাওয়াটা ছিল দারুণ এক অনুভূতি।’
যোগাযোগ হারানোর ঠিক আগে পাইলট ভিক্টর গ্লোভার পৃথিবীর মানুষের জন্য একটি বার্তা দিয়েছিলেন। তিনি লেখেনÑ ‘পৃথিবীতে থাকা আপনাদের সবাইকে, চাঁদ থেকে আমরা ভালোবাসি। পরপারে আপনাদের সঙ্গে দেখা হবে।’ আর্টেমিস-২ অভিযানের মহাকাশযানের নাম ওরিয়ন। নভোচারীরা এবারের ভ্রমণে চার লাখ ছয় হাজার ৭৭৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েন। এটি আগের অ্যাপোলো ১৩ অভিযানের দখলে থাকা রেকর্ডকে ছাড়িয়ে যায়। মহাকাশযানের জানালায় চাঁদ যখন স্ফীত হয়ে উঠছিল, তখন মহাকাশচারীরা একাধিক ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলেন এবং নাসার নির্দেশনা অনুযায়ী স্কেচ আঁকেন ও নিজেদের অডিও বিবরণ রেকর্ড করেন। মহাকাশযানটির চাঁদের দূরবর্তী পাশ দিয়ে ঘুরে আসার কথা ছিল। এই পাশটি পৃথিবী থেকে দেখা যায় না। এই মহাকাশচারীরাই ছিলেন প্রথম মানব চোখ, যারা দূরবর্তী পৃষ্ঠের কিছু অংশ এবং এর বিশাল গর্ত ও লাভা সমভূমি দেখেছেন।
চাঁদের অপর পাশ দিয়ে উড়ে যাওয়ার প্রথম ছবি : নভোচারীদের চাঁদের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় তোলা প্রথম ছবিগুলো প্রকাশ করেছে নাসা।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ‘অস্তগামী পৃথিবী’, যেখানে নভোচারীরা চাঁদের গর্তময় ভূখ-ের ওপার থেকে উঁকি দেওয়া নিজ গ্রহটিকে এক ঝলক দেখতে পান। দ্বিতীয় ছবিতে সেই দর্শনীয় সূর্যগ্রহণ, যা নভোচারীরা প্রত্যক্ষ করেন। যখন চাঁদ সূর্যকে আড়াল করে দেয়।