পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের অনুমতি পাবে ইরান ও ওমান। এ চুক্তির তথ্য বার্তা সংস্থা এপির বরাতে জানিয়েছে আল জাজিরা।
এপির প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করবে। তবে ওমান কিভাবে এই অর্থ ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, তিনি সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন। তবে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় গোপন রাখার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে। এই প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হিসেবে বিবেচিত।