ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় করে, তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শোনা যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ইরান ফি নিচ্ছে। যদি তারা নিয়ে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।’
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি ‘সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে’ হরমুজ প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি থাকবে।
তবে যুদ্ধ বিরতির ঘোষণা হলেও এখনও স্বাভাবিকভাবে চালু হয়নি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম এই রুট। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ বিরতির মধ্যে ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।
এদিকে, ইরান নাকি প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেয়ার পরিকল্পনা করছে বলে ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।