যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। শুক্রবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, মধ্য ইরানের আকাশে উড়ন্ত অবস্থায় তারা দ্বিতীয় একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সি’র একটি টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে’। বিমানটির মারাত্মক ক্ষতির কারণে পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে সৃষ্ট ‘প্রচণ্ড বিস্ফোরণের’ কারণে পাইলটের পক্ষে বিমান থেকে বের হওয়া সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে এ পোস্টগুলোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আইআরজিসি’র আগের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে তারা অস্বীকার করেছে।