মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম কোনো যাত্রীবাহী প্রমোদতরি (ক্রুজ শিপ) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যের বরাতে এ খবর জানা গেছে।
মাল্টার পতাকাবাহী ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ নামের এ প্রমোদতরি গতকাল শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ অতিক্রম করে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, যাত্রাপথে জাহাজটিতে কোনো যাত্রী ছিল না। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথম কোনো যাত্রীবাহী জাহাজ যা এ প্রণালি পার হতে সক্ষম হলো।
আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় ৪৭ দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালি অতিক্রম করল। সেলেস্টিয়াল ডিসকভারি ওমানের মাসকাটের দিকে যাচ্ছিল। গতকালই জাহাজটির সেখানে পৌঁছানোর কথা ছিল।
তথ্যসূত্র: আল–জাজিরা ও গালফ নিউজ