রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই যুদ্ধবিরতি মেনে চলবে।
শুক্রবার (১০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই ঘোষণা গত বছরের অনুরূপ স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মতোই, যখন দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছিল।
ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জেলেনস্কি জানান, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। তিনি বলেন, মানুষের এমন একটি ইস্টার প্রয়োজন, যেখানে কোনো হুমকি থাকবে না এবং এটি প্রকৃত শান্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতির ঘোষণা আগাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশ নয়।
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই যুদ্ধবিরতি একটি সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে বৈশ্বিক পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। অর্থোডক্স খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর অর্থোডক্স ইস্টার উদযাপিত হচ্ছে ১২ এপ্রিল।