যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১৩টি উন্নতমানের যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয় এসব যুদ্ধবিমান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল–আম্বিবিয়া কেন্দ্রীয় সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছে। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অতর্কিত হামলায় এমকিউ-৯, হারমেস ও অরবিটার ধরনের মোট ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি ইসফাহান, কেরমান এবং রাজধানী তেহরান এলাকাতেও এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশের মধ্যে ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আজ রোববার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানগুলো ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস বাহিনীর।

শনিবার (৮ মার্চ) রাতে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। সেই অভিযানেই বিমনগুলো ধ্বংস হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।