আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রোল বোমা (মোলোটভ ককটেল) হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এই হামলার পর ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে সান ফ্রান্সিসকো পুলিশ। খবর আল জাজিরা
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সান ফ্রান্সিসকোর নর্থ বিচ এলাকায় অল্টম্যানের বাড়িতে এই হামলা চালানো হয়। অভিযুক্ত যুবক একটি হাতে তৈরি দাহ্য পদার্থ বা পেট্রোল বোমা বাড়ির বাইরের গেটে নিক্ষেপ করে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে ভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
হামলার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ওই যুবককে ওপেনএআই-এর সদর দপ্তরের সামনে থেকে আটক করে। সেখানে সে ভবনটিতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওপেনএআই-এর একজন মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সান ফ্রান্সিসকো পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমাদের কর্মীদের নিরাপত্তায় শহরের সহায়তা প্রশংসনীয়।
সাম্প্রতিক মাসগুলোতে এআই-এর সম্ভাব্য ঝুঁকি এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাথে ওপেনএআই-এর সহযোগিতামূলক চুক্তির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জনমনে ক্ষোভ বাড়ছে। গত নভেম্বরেও প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে হামলার হুমকির কারণে অফিস লকডাউন করতে হয়েছিল। সমালোচকদের মতে, এআই প্রযুক্তির অপব্যবহার এবং সামরিক খাতে এর ব্যবহার মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।
হামলা ও বিতর্কের মধ্যেও ব্যবসায়িকভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে ওপেনএআই। চলতি মাসের শুরুতেই কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক ১২২ বিলিয়ন ডলারের ফান্ডিংয়ের পর ওপেনএআই-এর বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৫২ বিলিয়ন ডলারে।
তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বর্তমানে সপ্তাহে ৯০ কোটির বেশি মানুষ ব্যবহার করছেন এবং এর প্রিমিয়াম গ্রাহক সংখ্যা ৫ কোটিতে পৌঁছেছে।
পুলিশ বর্তমানে গ্রেপ্তারকৃত যুবকের উদ্দেশ্য খতিয়ে দেখছে এবং তদন্তে সহায়তার জন্য ওপেনএআই কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করছে।