চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কি না—এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতির এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। তবে তিনি দাবি করেন, পরিস্থিতি স্থিতিশীল হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে।

তিনি আরও বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করবো কি না, তা আমি নিশ্চিতভাবে জানি না।’

এদিকে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি নিয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। জার্মানি থেকে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্তের পর তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

অন্যদিকে আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তার কোনো আপত্তি নেই।

সুত্র: মিডল ইস্ট আই